logo

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে বিচারকের ফ্ল্যাটে চুরি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে বিচারকের ফ্ল্যাটে চুরি
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের ফ্ল্যাটে চুরি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক বিচারকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ার তিতাস টুইন টাওয়ারে এ ঘটনা ঘটে।

ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিন।

ভবনের কেয়ারটেকার রতন মিয়া জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে বিচারক বাসায় তালা দিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন। ফ্ল্যাটটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে সেখানে হানা দেয়। ভোরের অন্ধকারে গ্রিল ভেঙে ভবনের দ্বিতীয় তলায় উঠে ফ্ল্যাটে প্রবেশ করে চোরের দল। আলমিরা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায় তারা।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে তিনজন ব্যক্তি ভবনের পেছনের দিকের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে যায়। পরে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা দুটি আলমিরা ভেঙে মালামাল নিয়ে যায়। ঘরের অন্যান্য জিনিসপত্রও তছনছ করা হয়েছে।

সকালে বিষয়টি নজরে আসার পর ভবন কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিচারক ছুটিতে থাকায় চুরি হওয়া মালামালের তালিকা পাওয়া যায়নি। তিনি ফিরে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।