যাত্রীবাহী ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
যাত্রীবাহী ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ
পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের ছাদ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিরব হোসেন (১২) বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন যাত্রী ও স্টেশনের কর্মীরা। পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর গার্ডার বা রেলিংয়ের সঙ্গে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অসাবধানতাবশত ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর রেলিংয়ে আঘাত পেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে রেলওয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের মারাত্মক ঝুঁকি সম্পর্কে সবাইকে আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিষয় :পাবনা