logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় ও অভিনেতা সোহেল খান। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

অভিনেতা সোহেল খানকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

Advertisement

এর আগে, একইদিন সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত স্বজন ও এলাকাবাসী নীরবে দাঁড়িয়ে আছেন। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ বাকরুদ্ধ হয়ে বসে আছেন। প্রিয় মানুষটির এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের।

সোহেল খানের অভিনয়ের একটি বিশেষ দিক ছিল স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা। নিজের এলাকার ভাষা, রীতিনীতি ও আচার-ব্যবহারকে অভিনয়ের মধ্য দিয়ে জীবন্ত করে তুলতেন তিনি। তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের কাছে মামার এই গুণের পাশাপাশি সবচেয়ে বেশি মনে পড়ে তার নিরহংকার স্বভাব।

মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনো কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনো ভেদাভেদ ছিল না।’

অভিনেতা পরিচয়ের বাইরেও রাজাপুর গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন তিনি। আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে, সেটির পেছনে মূল ভূমিকাই ছিল সোহেল মামার। সামাজিক এবং গ্রামের উন্নয়নের জন্য যেকোনো কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজের মধ্যেই তিনি ছিলেন উদ্যোগী।’

সোহেল খানের ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিম বলেন, ‘সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেনি; উল্টো বলত, মিয়া ভাই আমার গালে একটা থাপ্পর মারেন। তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।’

তার সঙ্গে শেষ কয়েক দিনের স্মৃতি ও কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।’

সোহেল খান আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত একটি সিনেমায় অভিনয় করছিলেন। শুটিংয়ের কাজে গত চার দিন ধরে বগুড়ায় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও তাদের মধ্যে কথা হয়। সেদিন রাত ১১টার দিকে শুটিং শেষ হয়েছিল।

তিনি আরও বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয় করেন। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেছেন।

এসব চলচ্চিত্রে কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন তিনি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট