logo

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ আটক ১২

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ আটক ১২
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট ও বোটসহ আটক ১২ জন। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় নৌকাটিতে থাকা ১২ জনকে আটক করা হয়।

সোমবার (২ নভেম্বর) দিকে কোস্টগার্ডের জাহাজ ও সেন্টমার্টিন স্টেশনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. অলি উল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫) এবং নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪) ও মো. বাবুল হোসেন (৩৬)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি আটক করে।

তিনি আরও জানান, নৌকাটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি বা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।