নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদার এবং শবনম মুশতারী

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নজরুল পদক পেয়েছেন নজরুল-গবেষক ও কবি আবদুল হাই শিকদার এবং নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১২৭তম নজরুল জয়ন্তী অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে গবেষণায় অবদানের জন্য আবদুল হাই শিকদারের হাতে পদক তুলে দেন উপাচার্য। তবে অসুস্থতার কারণে শবনম মুশতারী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
নজরুল জয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, ‘নজরুল পদক ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য। এ সময় নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘গাহি সাম্যের গান’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পাশাপাশি ভারতের নজরুল-গবেষকরাও অনলাইনে অংশ নেন।
উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবির নামে হওয়ায় সকল ক্ষেত্রেই আলাদা সহযোগিতা পাচ্ছি। দেশের প্রায় ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরে একাডেমিক ও অবকাঠামো সবদিকেই অনেক উন্নতি করেছে। কবির জীবদ্দশায় কবিকে যথাযথ সম্মান দেখানো হয়নি। যার যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ততটুকু সম্মান দিতে হবে। তবে কবি নজরুলের সৃষ্টিকর্মের তেমন প্রচার হয়নি।
উপাচার্য আরও বলেন, নজরুলের স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।



