logo

ফুটবল তুলতে নদীতে নেমে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ

ফুটবল তুলতে নদীতে নেমে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ
মাছ ধরা নৌকাগুলো বাঁধা আছে কীর্তনখোলা নদীর তীরে। ছবি : প্রথম আলো

বরিশালের কীর্তনখোলা নদীতে নিখোঁজের দুদিন পর জুনায়েদ (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ ফায়ার সার্ভিসের লিডার শেখ নজরুল ইসলাম।

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাটসংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ বরিশাল নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বেলতলা খেয়াঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীর চরে সমবয়সী শিশু খালিদ সাইফুল্লাহর সঙ্গে ফুটবল খেলছিল জুনায়েদ। এ সময় তাদের ফুটবলটি নদীতে ভেসে গেলে সেটি আনতে গিয়ে দুজনই পানিতে পড়ে যায়। প্রবল স্রোতে তারা তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা খালিদ সাইফুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হন। তবে জুনায়েদ নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দা রতন হাওলাদার জানান, নদীর তীরে ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে দুই শিশু নদীতে পড়ে। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে খালিদ সাইফুল্লাহকে উদ্ধার করলেও জুনায়েদকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই উদ্ধার অভিযান শুরু করে বরিশাল নৌ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ছয় সদস্যের একটি ডুবুরি দল। শুক্রবার দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের লিডার শেখ নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেলতলা খেয়াঘাটসংলগ্ন নদী থেকে জুনায়েদের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট