logo

সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, চেকপোস্টে পেট্রোল বোমা নিক্ষেপ

সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, চেকপোস্টে পেট্রোল বোমা নিক্ষেপ
ঢাকার সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে বাস। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাভারের বলিয়ারপুরে শ্যামলী পরিবহনের একটি বাস এবং আশুলিয়ার বেলতলা এলাকায় মেরামতের জন্য রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাতে এসব ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বলিয়ারপুর যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন শ্যামলী পরিবহনের গ্যারেজের বাইরে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল ইমরান জানান, ডিপোর বাইরে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অন্যদিকে আশুলিয়ার বেলতলা এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাসটি এর আগে ধামরাইয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল। পরে মেরামতের জন্য বেলতলার একটি ওয়ার্কশপে এনে রাখা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে অবস্থিত একটি পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় ওই বক্সে কোনো পুলিশ সদস্য অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যরা বক্সের বিপরীত পাশেই দায়িত্ব পালন করছিলেন।

আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি।