ছেলেকে না জানিয়ে গাছ বিক্রি, ক্ষোভে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাবেল শেখ (৭০) ওই গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত ছেলের নাম সাহাবুল শেখ (৪০)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন হাবেল শেখ। এ সময় তার ছেলে সাহাবুল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। এতে হাবেল শেখের গলা ও বাঁ হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর জখমে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে হাবেল শেখের সঙ্গে তার ছেলের পারিবারিক বিরোধ চলছিল। তাদের সম্পর্কও ভালো ছিল না। ঘটনার আগের দিন হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
গ্রেপ্তারের সময় সাহাবুলের বক্তব্য হিসেবে জানা গেছে, তার বাবা তাকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। ঘটনার দিন নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তার মাথা গরম হয়ে যায়। এ কারণে তিনি বাবাকে হত্যা করেছেন বলে দাবি করেন।
মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
