logo

পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার
ঝিরির মধ্যে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

​বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ (৩৫) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ঝিরিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভাণ্ডারী পাড়ার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কসাইপাড়া সংলগ্ন ঝিরিতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিহতের পরিবার ও বান্দরবান সদর থানায় খবর দেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

​এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।