খুমেক হাসপাতালে অ্যাপ্রোন পরা যুবক আটক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে ঘোরাঘুরির সময় সুলাইমান গাজী নামে এক যুবককে ভুয়া ডাক্তার সন্দেহে আটক করেছেন আনসার সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের দোতলার একটি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সোমবার সকালে দোতলার ওয়ার্ডে সুলাইমানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ডাক দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্যরা তাকে ধরে ব্যাগ তল্লাশি করে একটি অ্যাপ্রন ও কিছু কাগজপত্র উদ্ধার করেন।
আটক সুলাইমানের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বসুয়াড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত তিন দিন ধরে তিনি হাসপাতালে আসছেন। তবে আসার কারণ জানতে চাইলে তিনি কেবল ঘুরতে এসেছেন বলে দাবি করেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আহসান হাবীব রেজা বলেন, আনসার সদস্যরা অ্যাপ্রোন পরা ওই যুবককে নিয়ে এলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি কোনো মেডিকেল কলেজের নাম বলতে পারেননি। এমনকি অ্যাপ্রোন শব্দটির বানান বা এর কাজ কী, তা-ও বলতে পারেননি। এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
তিনি আরও জানান, সুলাইমানের কাছে খুলনা মেডিকেল কলেজ লেখা একটি কাগজ পাওয়া গেলেও তাতে খুমেক-সংক্রান্ত কোনো সঠিক তথ্য নেই। তিনি খুমেকের চিকিৎসক নন এবং অন্য কোনো মেডিকেল কলেজের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও জানাতে পারেননি।
আনসার কমান্ডার ওলিয়ার বলেন, সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। ব্যাগে অ্যাপ্রোন পাওয়ার পর তাকে উদ্ধারকৃত কাগজপত্রসহ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার কাছে থাকা কাগজপত্র যাচাই করা হচ্ছে। তিনি কোনো রোগী দেখেছেন বা কোনো চিকিৎসা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
