সাজেকে গোলাগুলি চলছে

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া সশস্ত্র গোষ্ঠী জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই বন্দুকযুদ্ধে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুর একটা থেকে সাজেকের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি বেশ দুর্গম হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে নিরাপত্তা বাহিনী ও পুলিশ দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
