রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ২ কিশোরের

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামুর্কী বাসস্ট্যান্ডে দুই কিশোর রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
