পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তাসলিম তালুকদারের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিকপক্ষ।
বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান।
ভুক্তভোগী তসলিম তালুকদারের দাবি, পুকুরটিতে প্রায় ১ হাজার ২০০ থেকে দেড় হাজার মাছ ছিল। মাছগুলো বড় হয়ে ওঠায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছ খাবার না খাওয়ায় সন্দেহ হয়। কিছুক্ষণ পর পুকুরে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। তাদের ধারণা, আগের রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ থেকে দেড় লাখ মাছ ছিল। সকালে খাবার দেওয়ার সময় মাছগুলো ভেসে ওঠেনি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপরে ভেসে ওঠে। বিষয়টি সদর থানায় জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত করতে আসবে বলে জানিয়েছে।
মহসিন তালুকদার আরও বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন মাছগুলো ধীরে ধীরে মরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
স্থানীয় আবু হোসেন মল্লিক বলেন, তিনি ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
