চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, পালিয়ে রক্ষা পেল কিশোরী

ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন শহীদ মিনার এলাকার মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
আটক কোহিনূর আক্তার (৩৫) দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মণ্ডলের মেয়ে। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি গাইবান্ধা জেলায়। তাকে যৌনপল্লিতে নিয়ে আসা ওই নারীর নাম-পরিচয় জানে না সে। তবে সামনে পেলে তাকে শনাক্ত করতে পারবে বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীটি ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত। গত ১৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী তাকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূর আক্তারের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
কিশোরীর অভিযোগ, যৌনপল্লিতে নেওয়ার পর কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করতেন। সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে রেলস্টেশন এলাকার শহীদ মিনারসংলগ্ন একটি দোকানে আশ্রয় নেয় সে। এ সময় স্থানীয়দের কাছে তাকে উদ্ধারের আকুতি জানায় কিশোরীটি।
স্থানীয় বাসিন্দারা জানান, পালিয়ে আসার সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূর ও তার লোকজন কিশোরীকে ধাওয়া করেন। পরে সে দৌড়ে গিয়ে দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কোহিনূর আক্তারকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক কোহিনূর আক্তারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


