মানিকগঞ্জ/বেশি দামে অন্য জেলায় সার বিক্রি, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে বেশি দামে সরকারি সার বিক্রির দায়ে হাবিবুর রহমান হবি নামের এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বিক্রি করা ১১ বস্তা সার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার।
স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের বাসিন্দা মামুন মিয়া দৌলতপুর বাজারের ওই সাব-ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার কেনেন। পরে সার নিয়ে নাগরপুর যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী সারবোঝাই ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। অভিযোগের সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব-ডিলার হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করেন এবং বিক্রিত ১১ বস্তা সার জব্দ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, সরকারি বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্য জেলায় বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
