logo
Advertisement

তৃতীয় লিঙ্গের ‘গুরুমা’ মৌসুমীর লাশ মিলল নিজের ঘরে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
তৃতীয় লিঙ্গের ‘গুরুমা’ মৌসুমীর লাশ মিলল নিজের ঘরে
মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী। ছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের পরিচিত নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির নিজ বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মৌসুমী চট্টগ্রামে বসবাসরত তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একাংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অসংখ্য প্রতিনিধি ঘটনাস্থলে জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৌসুমী ওই বাসায় একাই বসবাস করতেন। গত শুক্রবার রাত ২টা পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। ভোররাতের দিকে তার ঘর থেকে কয়েকজনের বাকবিতণ্ডার শব্দ পাওয়া গেলেও সাধারণ বিষয় ভেবে প্রতিবেশীরা তখন গুরুত্ব দেননি। পরবর্তীতে সকাল ১০টার দিকে প্রতিবেশীরা ডাকতে গিয়ে দরজা খোলা দেখতে পান। এ সময় বিছানায় তার নিথর ও মুখ দিয়ে রক্ত বের হওয়া লাশ পড়ে থাকতে দেখেন তারা।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, নিহত ব্যক্তির গলায় গুরুতর জখমের স্পষ্ট চিহ্ন রয়েছে। মৌসুমীর বাসার পেছনের খামারের একটি গরু গত শুক্রবার বিক্রি করা হয়েছিল। ঘরের সেই গরু বিক্রির টাকা এবং তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিক আলামতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং টাকা লুটের উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।