সুনাই নদীতে শেষবারের মতো হবে ‘নৌকাবাইচ’

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে শেষবারের মতো হতে যাচ্ছে নৌকাবাইচের আসর। আয়োজক কমিটি ও ‘তৌহিদী জনতা’ নামে দুপক্ষের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা হয়েছে। আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত সময়ে নদীতে জমবে ঐতিহ্যবাহী এই আসর।
শনিবার (২২ আগস্ট) রাতে বারইগ্রাম বাজারে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লাউতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। দীর্ঘ আলোচনায় নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি, স্থানীয়দের মতামত এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, নৌকাবাইচ এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য যেন এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট না করে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনার মাধ্যমে স্থানীয় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও মত দেন তারা।
বৈঠকে হওয়া সমঝোতা অনুযায়ী, এ বছরের এই আয়োজন হবে সুনাই নদীতে নৌকাবাইচের সর্বশেষ আসর। আগামী বছর থেকে এই জায়গায় প্রতিযোগিতা না করার বিষয়ে সম্মত হয়েছে দুপক্ষ।
স্থানীয় লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে বাহাদুরপুর গাংপার যুব সমাজের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, এ বছর যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের সুযোগ চেয়েছে আয়োজক সংগঠন বাহাদুর গাংপার যুব সমাজ। তবে তারা আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করবে না। উভয়পক্ষই এ সিদ্ধান্তে মত দেওয়ায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়েছে।
এ বছরের আয়োজনকে ঘিরে যাতে নতুন করে কোনো বিরোধ বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে দেলওয়ার বলেন, দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতায় পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত সময়ে প্রতিযোগিতা হবে। নৌকাবাইচ যথাসময়ে হবে। এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।
আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে নৌকাবাইচকে ঘিরে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে। এখন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে জেনেছি।
আগামী বছর থেকে নৌকাবাইচ আয়োজন করা হবে না—এমন শর্তে এবার সমঝোতা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমাদেরকে জানানো হয়েছে ২৮ আগস্ট প্রতিযোগিতা হবে। আগামী বছর হবে কি না বিষয়টি আমার জানা নেই।



