logo
Advertisement

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

এশিয়া পোস্ট নিউজ,মাদারীপুর
মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে একই সময়ে রাতুল ও রোহান নামে দুই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুজনই একে অপরকে ওই তরুণীর জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।

এরই জেরে বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয়নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দলবদ্ধ হয়ে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইয়ার আলী ও আক্কাসসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।