logo

পদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাগাড়, ১৫ হাজার টাকায় বিক্রি

পদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাগাড়, ১৫ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় বাঘাড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাছটি ধাওয়াপাড়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তে নিলামে ১৫ হাজার ১২০ টাকায় বিক্রি হয়। ভোরে জেলে চুন্নু মাছটি আড়তে নিয়ে আসেন। পরে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জিলাল মণ্ডল।

জেলে চুন্নু জানান, শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই বিশাল এই বাঘাড় মাছটি দেখতে পান। এত বড় মাছ পেয়ে তিনি ও তার সঙ্গীরা বেশ আনন্দিত।

স্থানীয়রা জানান, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ ধরার মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে। বিশেষ করে বাঘাড় ও পাঙাশ মাছ তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।

মাছ ব্যবসায়ী জিলাল মণ্ডল বলেন, প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে এটি বিক্রি করা হবে।