logo

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ওষুধসহ গ্রেপ্তার ২

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ওষুধসহ গ্রেপ্তার ২
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ওষুধ। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরে ভারত থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ধরনের ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এসময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়া গ্রামের মৃত সুরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।

এসআরবি-১২ এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প কমান্ডার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, অভিযানে ভারত থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ছয় ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৮০টি Luliconazole Cream, ৬৫ পাতা Pyrazinamide Tablets, Polymyxin B Injection -এর ৮টি বোতল, Sterile Water for Injection এর ১১টি টিউব, Triclofos Oral Solution এর ১৫টি বোতল এবং Sulbactam & Cefoperazone Injection এর ৪০টি বোতল।

এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ঔষধ ক্রয়-বিক্রয় ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।