সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাহিন্দ্রা, আহত ৩ পর্যটক

সাজেক থেকে পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহিন্দ্রা গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিন পর্যটক আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী মাহিন্দ্রা গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। এতে তিন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাহাড়ি বাঁকযুক্ত সড়কে যানবাহন চালানোর সময় চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
