logo
Advertisement

সীমান্তে বিওপির টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সীমান্তে বিওপির টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামিল আহমেদ। ছবি : এশিয়া পোস্ট

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির একটি ওয়াচটাওয়ার থেকে জামিল আহমেদ নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে সহকর্মীরা তার মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত জামিল আহমেদ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মিনাটিলা বিওপির ওয়াচটাওয়ারে জামিল আহমেদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। খবর পেয়ে জৈন্তাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জামিল আহমেদের আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার রহস্য উন্মোচনে বিজিবি ও পুলিশ পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।