logo

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা ও ভাঙচুরের পর উত্তপ্ত পরিস্থিতি। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের ওপর হামলার চেষ্টা ও তাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

এ সময় অভিযানে জব্দ করা প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তারের সঙ্গে যৌথভাবে নড়িয়া বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা পণ্য এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলে কয়েকশ লোক তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা এবং তাদের হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস অভিযোগ করেন, নড়িয়া বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নড়িয়া বাজারে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাটি সত্য। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।