হামলার পর ট্রেনে কুমিল্লার পথে হাসিব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার হওয়ার পর ট্রেনে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে ঘুরতে বের হলে তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকে তার অবস্থান নিয়ে খোঁজখবর শুরু করে পুলিশ।
এদিকে হামলার ঘটনায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস। তিনি বলেন, হামলার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি আবারও শ্রীমঙ্গলে আসবেন। এরপর থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
তিনি আরও জানান, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে ঘুরতে বের হলে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, হামলার পর হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। পরে রিসোর্টে খোঁজ নেওয়া হলেও তিনি সেখানে ফেরেননি বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

-3fd04e.jpg)