আশুলিয়ায় হা-মীম গ্রুপের ৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

টানা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও নিরাপত্তাঝুঁকির কারণে সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) থেকে এসব কারখানায় সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (২২ নভেম্বর) রাতে কারখানাগুলোর প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কারখানা সূত্রে জানা গেছে, বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপারেল গ্যালারি লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড ও রিফাত গার্মেন্টস লিমিটেডসহ আশুলিয়া জোনের মোট সাতটি শিল্পপ্রতিষ্ঠান।
কারখানার প্রধান ফটকে টানানো নোটিশে বলা হয়, চলতি মাসের ১ তারিখ থেকে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের অংশ হিসেবে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করলেও কর্মবিরতি পালন ও বেআইনি ধর্মঘটে অংশ নিচ্ছেন। এ ছাড়া বহিরাগতদের মাধ্যমে কারখানার ফটক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের বারবার কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে অযৌক্তিক দাবি অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালুর তারিখ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হা-মীম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (সিকিউরিটি সেকশন) অবসরপ্রাপ্ত কর্নেল মো. আক্তারুজ্জামান বলেন, কারখানার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কারখানা বন্ধের নোটিশের অনুলিপি শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিজিএমইএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।






