মেহেরপুরে কপি-সবজিতে পোকার তাণ্ডব, দিশাহারা কৃষক

সকাল-বিকাল জমিতে কীটনাশক, তবুও থামছে না পোকার তাণ্ডব। একের পর এক ওষুধ ছিটিয়েও রক্ষা করা যাচ্ছে না বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি। পাতার পর পাতা ঝাঁঝরা, কাণ্ড ক্ষতবিক্ষত, চোখের সামনেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন আর ঘামঝরানো পরিশ্রম।
ফসল বাঁচাতে বাড়তি অর্থ ঢালছেন চাষিরা, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। উৎপাদন খরচ বাড়লেও ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশাহারা মেহেরপুরের সবজি চাষিরা। সংকটের এই সময়ে কৃষি বিভাগের কার্যকর পরামর্শ ও মাঠপর্যায়ের সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা।
সবজি উৎপাদনে দেশের অন্যতম সুপরিচিত জেলা মেহেরপুরে চলতি খরিপ মৌসুমে ৪৬৫ হেক্টর জমিতে ফুলকপি ও ৬৩০ হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে। রবি মৌসুমে ফুলকপি চাষ হয়েছে ১ হাজার ২৫৩ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৩১ হাজার ৯১ মেট্রিক টন।
এ ছাড়া ১ হাজার ২৯৫ হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে; উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন। খরিপ মৌসুমের কপি উত্তোলন ও বাজারজাতকরণ চলছে। পাশাপাশি রবি মৌসুমের সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বাঁধাকপি ও ফুলকপিতে দেখা দিয়েছে বিভিন্ন প্রজাতির ক্ষতিকারক পোকার আক্রমণ। পোকায় আক্রান্ত হয়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে পাতাগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের কাণ্ড ও সবজির স্বাভাবিক বৃদ্ধি। একই পরিস্থিতি দেখা দিয়েছে করলা, পটল, শসাসহ অন্যান্য সবজি ক্ষেতেও।
চাষিদের দাবি, প্রতিদিন সকাল-বিকাল কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। কৃষি বিভাগের পরামর্শ নিয়েও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এতে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে ফসলের গুণগত মান ও উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পোকার আক্রমণ নিয়ন্ত্রণে না এলে জমিতে বিনিয়োগ করা অর্থ হারানোর আশঙ্কা করছেন কৃষকরা। সংকটের এই সময়ে কৃষি বিভাগের মাঠপর্যায়ে তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগও তাদের। ভুক্তভোগী চারজন কৃষকের ভিডিও বক্তব্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
তবে জেলার কৃষি বিভাগ বলছে, শুধু রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করলেই সব ধরনের পোকার আক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সাইখুল ইসলাম বলেন, পোকা সঠিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের পাশাপাশি জৈব বালাইনাশক প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। এ বিষয়ে চাষিদের সচেতনতা ও সঠিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

