পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আগে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জমির প্রাপ্যতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করে মতামত দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
গত ১৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিবের পক্ষে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুরের জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পাঠানো ডিও (আধা সরকারি) পত্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমানে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার বিষয়টি সামনে এসেছে। এ জন্য জমির প্রাপ্যতা এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে মতামত দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। জেলা প্রশাসনের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী এশিয়া পোস্টকে বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান পরিবর্তনের জন্য এখনো কোনো চিন্তা গ্রহণ করা হয়নি এবং স্থান পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা বেশি।
