logo

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনার মুখে সিসিকের সিইও

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনার মুখে সিসিকের সিইও
স্ত্রীসহ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন সিসিকের সিইও। ছবি: এশিয়া পোস্ট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ফেসবুকে নিজের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন। দুজনে হেলমেট না পরা অবস্থায় মোটরসাইকেল চালানো ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন–‘হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না।’

দ্রুত ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, নিরাপত্তার বিষয়টি না ভেবে দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।

যুগ্ম সচিব পদমর্যাদার সিসিকের সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার গত বুধবার (২৭ মে) হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর ৫৮ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে আপলোড দেন। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে তার স্ত্রীও বসা ছিলেন। তার মাথায়ও হেলমেট ছিল না।

রেজাই রাফিন ভিডিওটি আপলোড করে লিখেছেন, ‘আজ সকাল সাড়ে ৬টায় সিলেট এয়ারপোর্ট রোডে ফাঁকা রাস্তায় একটু বাইক চালালাম। তাই হেলমেট পরা হয়নি। তবে হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। নেক্সট টাইম অবশ্যই হেলমেট ইউজ করব।’

ফেসবুকে অনেকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দেশের প্রচলিত সড়ক আইন অনুযায়ী চালক ও আরোহীর হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে তার এমন কাজ মোটেই উচিত হয়নি। এটা কেবল দায়িত্বহীনতা নয়, আইন না-মানারও বহিঃপ্রকাশ।

আজহারুল ইসলাম নামের একজন লিখেন, ‘এভাবেই আইন না মানার সংস্কৃতি ক্রমান্বয়ে তৃণমূলে পৌঁছায়।’

ধ্রুব গৌতম নামের আরেকজন লিখেন, ‘স্যারের কর্ম জীবন শুরু সিলেট কালেক্টরেট থেকে। তখন স্যার যথেষ্ট নীতি ও আদর্শের মধ্যে আমাদের পরিচালিত করতেন। বর্তমানে কেমন কি তা জানতে পারিনি। এ ঘটনা স্যারের বেলায় নিছক দুর্ঘটনা বলে মনে হয়।’

এই বিষয়ে রেজাই রাফিন সরকার বলেন, ‘আমি ভিডিওর সঙ্গে একটা বার্তাও পোস্ট করেছি। সেখানে হেলমেট না পরা এবং ভবিষ্যতে পরার বিষয়ে লিখেছি। তখন খুব সকাল ছিল। রাস্তা ফাঁকা ছিল। যানবাহনও ছিল না। তাই হেলমেট পরিনি। এটা ঠিক হয়নি। ভবিষ্যতে এমন হবে না।’