জীবিত জেলেকে ‘মৃত’ দেখাতে আপত্তি, গ্রাম পুলিশের মাথা ফাটালেন সহকর্মী

ভোলার দৌলতখানে জীবিত এক জেলেকে মৃত হিসেবে উল্লেখ করতে রাজি না হওয়ায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক গ্রাম পুলিশকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক গ্রাম পুলিশ মনির হোসেনের বিরুদ্ধে।
রোববার (২৬ অক্টোবর) উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত সাদ্দাম হোসেন চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক চৌকিদারের ছেলে। তিনি বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাদ্দামের অভিযোগ, জীবিত এক জেলেকে মৃত হিসেবে উল্লেখ করতে রাজি না হওয়ায় মনির হোসেন তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করা হলে মাথায় গুরুতর আঘাত পান। পরে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়।
সাদ্দাম আরও অভিযোগ করেন, চরখলিফা ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বস্তায় বস্তায় আত্মসাৎ করেছেন মনির হোসেন। এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে দেওয়ার পর থেকেই তার সঙ্গে মনিরের বিরোধ চলছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রামপুলিশ মনির হোসেন সাদ্দামের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনা স্বীকার করেন। তবে তার বিরুদ্ধে আনা হামলা ও চাল আত্মসাতের অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

