Advertisement

কাপ্তাইয়ের বিএসপিআইয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৩

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
কাপ্তাইয়ের বিএসপিআইয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ফটক। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির ছাত্রাবাসে এ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুপক্ষের অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হন। আহতদের রাত ১টার দিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সংঘর্ষের কারণ অনুসন্ধান ও ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় :