logo

পাহাড়-সমতলে বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
পাহাড়-সমতলে বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী
মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: এশিয়া পোস্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে। কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না।

শুক্রবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মন্ত্রী বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। সমতলের খিয়াং, লুসাই জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে পেছনে রেখে কোনো ধরনের উন্নয়ন করতে পারব না।

মনিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মনিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ, সিলেট মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক লক্ষণ মুন্ডা, মৌলভীবাজার উরাও ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি পূরণ উরাও প্রমুখ।

এর আগে মন্ত্রী ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। ললিতকলা একাডেমিতে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন উপস্থিত ছিলেন।