রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, বৃহস্পতিবার বাস দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেওয়া হয়। সেখানে যাত্রীদের রাব্বি পরিবহন পরিবহন থেকে নামিয়ে ‘তুহিন পরিবহন’ নামের আরেকটি বাসে তুলে দর্শনায় পাঠানো হয়।
এ ঘটনায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
এর জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। বিরোধ সমাধানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, আন্তঃজেলা বাস চলাচল নিয়ে নাটোর ও রাজশাহীর বাস মালিক শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। সমস্য সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।
(সংশোধনী: শিরোনাম ও প্রতিবেদনে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ উল্লেখ করা হয়েছিল। বিস্তারিত তথ্য পাওয়ার পর তা সংশোধন করা হয়েছে।)



