Advertisement

পাবনাকে যুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ নির্মাণ হবে: শিমুল বিশ্বাস

এশিয়া পোস্ট নিউজ, ‎পাবনা
পাবনাকে যুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ নির্মাণ হবে: শিমুল বিশ্বাস
‎পাবনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন শিমুল বিশ্বাস এমপি। ছবি: এশিয়া পোস্ট

‎পাবনাবাসীর জন্য ‘সুখবর’ দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান, পাবনাকে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ‘ওয়াই সিস্টেম ব্রিজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

‎রোববার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎এসময় শিমুল বিশ্বাস বলেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তন। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর ফলে পাবনাবাসীকে আগাম সুখবর দিতে পারি— পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে।

‎শিগগিরই পাবনায় ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে; এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা ও কষ্ট রয়েছে, তা ঘুচে যাবে বলে আশ্বাস দেন তিনি।

‎এমপি বলেন, ওয়াই ব্রিজ (আরিচা-কাজীরহাট-দৌলতদিয়া) এবং পদ্মা ব্যারেজ— এই দুটি প্রকল্প পাবনাকে গোটা দেশের মধ্যে এগিয়ে রাখবে। পাবনা দেশের মধ্যে এক নম্বরে থাকবে।

‎তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ করে দিয়েছেন। এখন শুধু জাতীয় ঐক্য ও সঠিক পরিকল্পনা দরকার। ৫০০ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারব ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।

‎জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল ও পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি জহুরুল ইসলামসহ অনেকে।