logo

ঋণ নিয়ে গড়া বাগান এক রাতেই শেষ

ঋণ নিয়ে গড়া বাগান এক রাতেই শেষ
কলার কাঁদির সামনে ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহিদুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় আড়াই হাজার কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ঘটনাটি জানাজানি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকায় জমি লিজ নিয়ে তিনি কলাবাগানটি গড়ে তোলেন। ব্যাংক ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বাগানে বিনিয়োগ করেছিলেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু রোববার সকালে স্থানীয় লোকজন বাগানের কলার কাঁদিগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে খবর দেন।

তিনি বলেন, কলাগুলো বিক্রির উপযোগী হওয়ার ঠিক আগমুহূর্তে দুর্বৃত্তরা কাঁদিগুলো কেটে নষ্ট করেছে। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ঋণের টাকা পরিশোধ এবং পরিবার চালানো নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।