নওগাঁয় শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

নওগাঁয় বাসচালক ও তার সহকারীকে মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি রুটে বাস না চলায় বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বাস ধর্মঘাট কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে মহন্ত পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা বাসচালক রুবেল হোসেন ও তার সহকারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চালক রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সন্ধ্যায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বাস মালিক এনামুল হক বলেন, সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে নজিপুরে বাসচালক ও সুপারভাইজারকে অটোরিকশাচালকেরা মারধর করেন। এর প্রতিবাদেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের বাইরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরের বাইরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে প্রায়ই বাসশ্রমিকদের সঙ্গে তাদের বিরোধ হয়। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। বিষয়টির একটি স্থায়ী সমাধান প্রয়োজন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, চালক ও তার সহকারীকে মারধরের প্রতিবাদে শনিবার বিকেল ৫টা থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল ৭টা থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটসহ অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। চালক ও তার সহকারীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
