logo

জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২

জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২
আটক রবিউল আলম ও ছামুদা বেগম। ছবি : পুলিশের সৌজন্যে

জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা বহনের সময় বরগুনায় ২২৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনা পৌর শহরের খাজুরতলা পৌর বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। বরিশাল থেকে বরগুনাগামী সজীব খান পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা ছামুদা বেগম (৪৫) এবং উখিয়ার পূর্ব কাড়ির বিল এলাকার মো. রবিউল আলম (৬০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছামুদা বেগম কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বি ব্লক থেকে পালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রবিউল আলমের সঙ্গে বরিশাল হয়ে বরগুনায় আসেন। পরে তারা বরগুনাগামী একটি লোকাল বাসে যাত্রা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, আটক ব্যক্তিদের একজন রোহিঙ্গা নারী এবং অন্যজন বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বরগুনা সদর থানায় মামলা করা হবে। এরপর তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।