এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নিরবের পাশে নীলফামারী জেলা প্রশাসক

নীলফামারী রেলওয়ে স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করা সাত বছরের শিশু নিরবকে নিয়ে ‘ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব’ শিরোনামে গত ১৬ জুলাই ‘এশিয়া পোস্টে’ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের একদিনের মধ্যেই নিরবের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নীলফামারী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম-সংলগ্ন ছোট্ট ঘরে গিয়ে নিরব ও তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর আমার নজরে আসে। সেখানে দেখেছি, বাড়িতে বিদ্যুৎ না থাকায় নিরব প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করে। বড় হয়ে সে সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। তার সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছি।’
নিরব পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহী জানিয়ে তিনি বলেন, ‘সরকারি শিশু সদনের মাধ্যমে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। সে কিছুটা অসুস্থ, তাই তার চিকিৎসার ব্যবস্থাও করা হবে। এছাড়া পরিবারটি রেলওয়ের জমিতে বসবাস করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের জন্য সরকারি খাস জমির ব্যবস্থা করে স্থায়ী আবাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছি।’
জেলা প্রশাসকের এই উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন নিরবের মা রুপসানা বেগম। তিনি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সম্মতি জানান। একই সঙ্গে তাদের জীবনসংগ্রামের গল্প মানুষের সামনে তুলে ধরায় এশিয়া পোস্টের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, নীলফামারী সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক শাহ আল আমিন, নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায় প্রমুখ।
.png)






