ঝিনাইদহে ‘চরমপন্থি দলের সদস্যকে’ কুপিয়ে খুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোলায়েম হোসেন নামে এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি করলেও একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার ভায়না বাজারসংলগ্ন কালিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কালিশংকরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিনি আওয়ামী লীগের (কার্যক্রম) ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। এছাড়া একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও আলোচনা রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত ব্যক্তি চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন তারা। তবে কোন সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোলায়েম হোসেন ভায়না বাজার থেকে পান খেয়ে বাড়ি ফিরছিলেন। কালিশংকরপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তার শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে সড়কের পাশে ফেলে রেখে যায় হামলাকারীরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এখন বিধবা হয়ে গেলাম, আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এ হত্যার বিচার চাই।
হরিণাকুণ্ডু থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


