logo

সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে সাভারের ভবানিপুর এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, এদিন সকালে সাভার মডেল থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করন।

গ্রেপ্তার আসামি মো. কামরুজ্জামান (৩৬) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার স্থায়ী বাসিন্দা। সে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী (১৩) সাভারের কমলাপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বিভিন্ন সময় ভুক্তভোগীকে অশালীন কথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। এর ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় ভুক্তভোগী ছাত্রীকে মাদ্রাসার বড় ক্লাস রুমে ডেকে আনে। পরে অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে জানালে, শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। দুপুরের দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।