কারাবন্দী এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লক্ষ্মীপুরে কারাবন্দী থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল হক এ নির্দেশ দেন।
আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রাম থেকে ৩০ মে রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে রায়পুর থানায় মামলা করেন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এনসিপির শ্রমিকশক্তি শাখার কেন্দ্রীয় কমিটির সংগঠক আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করেন। তার ফেসবুক আইডিতে জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করা হয়।
এসব ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঈদ উপলক্ষে আনোয়ার তার রায়পুরের সোনাপুর এলাকার গ্রামের বাড়িতে আসেন। ৩০ মে রাতে ফেসবুকে প্রচারিত কুরুচিপূর্ণ ঘটনার কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা যুবদল নেতা রুহুল আমিনসহ সাক্ষীদের ওপর হামলা করে। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
জেলা জজ আদালতের সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রধান আসামি আনোয়ারকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি ইমামকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।
