logo

আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালিতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪

আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালিতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪
দুর্ঘটনায় আহত আর্জেন্টিনার সমর্থক ও পথচারী। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সমর্থকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক আর্জেন্টিনা সমর্থকের নাম সঞ্জয় দাস (২৫) বলে জানা গেছে। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। অপর আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহর বাজার মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে পৌঁছালে বহরের একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী, অটোরিকশার চালক এবং এক যাত্রী গুরুতর আহত হন।

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পথচারী। ছবি : এশিয়া পোস্ট কোলাজ
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পথচারী। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, আর্জেন্টিনার মোটরসাইকেলের বহরের কিছু ছেলে উচ্ছৃঙ্খলভাবে চালাচ্ছিল। মিছিল দেখে অটোরিকশা চালক রাস্তার পাশে সাইড করে রেখেছিল। হঠাৎ একটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়।

এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা বলেন, উঠতি বয়সের ছেলেরা ছিল, অনেকেই নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের খোঁজখবর নিতে আমি প্রতিনিধি পাঠিয়েছি।