logo

খাগড়াছড়িতে মাটি খুঁড়তেই মিলল ১৯৭১ সালের মর্টারশেল

খাগড়াছড়িতে মাটি খুঁড়তেই মিলল ১৯৭১ সালের মর্টারশেল
খাগড়াছড়িতে মাটির নিচ থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়িতে টয়লেট নির্মাণের জন্য মাটি খুঁড়তেই ৮২ মিলিমিটারের একটি মর্টারশেল পাওয়া গেছে। এটি ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ায় মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে চেঙ্গী নদীর পাড় থেকে মর্টারশেল উদ্ধার করে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন কবরস্থান এলাকার দিনমজুর মো. বেলাল হোসেন (২৯) নিজের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মর্টারশেলটি দেখতে পান। পরে সেটিকে মূল্যবান বস্তু মনে করে ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান। ওই দোকানে কাজ করতে আসা মো. বাদশার বিষয়টি সন্দেহ হলে তিনি তার এলাকার বড় ভাই মো. পারভেজ আলমকে জানান। তিনি এসে মর্টারশেলটি চেঙ্গী নদীর পাড়ে রেখে সেনাবাহিনীকে খবর দেন। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টারশেলটি উদ্ধার করেন।

Advertisement

খাগড়াছড়ি সদর থানার এসআই সুলতান মো. সাকিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মর্টারশেলটি ১৯৭১ সালে বাংলাদেশে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। শনিবার সকাল ৮টায় এটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আপাতত জায়গাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রেখে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দিনমজুর বেলাল হোসেন বলেন, বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে শক্ত একটি বস্তু দেখতে পান। পরে মাটি সরিয়ে সেটি বের করেন। প্রথমে বুঝতে পারেননি এটি মর্টারশেল। পরে ভাঙারির দোকানে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। মো. বাদশা তাকে বিষয়টি জানানোর পর তিনি সঙ্গে সঙ্গে তার কাছে বস্তুটি দিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, বসতবাড়ির পাশে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত। এখানে অনেক মানুষের বসবাস। দ্রুত এটি নিরাপদে নিষ্ক্রিয় করা প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা শুভ দে বলেন, মর্টারশেলটি উদ্ধারের পর থেকে এলাকার মানুষের মধ্যে ভয় কাজ করছে। বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। সেনাবাহিনী যেন দ্রুত এটি নিষ্ক্রিয় করে, সেই দাবি জানান তিনি।