হামের পর ডেঙ্গু আক্রান্ত দেড় বছরের শিশু

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশু তায়েবা আক্তার জানাত। বয়স তার দেড় বছর। দেহে শনাক্ত হয়েছে ডেঙ্গু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা। কিছুদিন আগে হাম আক্রান্ত হয়েছিল সে। হামের ধকল কাটিয়ে ওঠার আগে ভুগছে ডেঙ্গুতে।
শিশু তায়েবা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা। কিছুদিন আগে জ্বর ও কাশি দেখা দিলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১২ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় সে। একই সঙ্গে হামের টিকাও দেওয়া হয়।
সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যে আবার জ্বর ও কাশি দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

রাজশাহী হাসপাতালের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার রক্ত পরীক্ষায় দেখা যায় শ্বেতকণিকা অস্বাভাবিকভাবে বেশি এবং প্লাটিলেট অনেক কম। তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটি চলতি মৌসুমে হাসপাতালে প্রথম আক্রান্ত ডেঙ্গু রোগী। প্রথমে শিশু ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। এখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির বাবা জাহিদুল ইসলাম বলেন, তায়েবা আমার একমাত্র সন্তান। মেয়েটার এ অবস্থা দেখে আমি অসহায় পড়েছি। আমি মেয়েটাকে সুস্থ দেখতে চাই। তাকে বাঁচানোর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত।
রাজশাহী মেডিকেল হাসপাতালের চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল শিশুটির দেখভাল করছেন। তিনি বলেন, হামের ধকল কাটিয়ে ওঠার আগে ডেঙ্গু ধরা পড়ে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।



