logo

ফরিদপুরে মন্দির থেকে কষ্টিপাথরের প্রতিমা চুরি, উধাও রুপার সাপ

ফরিদপুরে মন্দির থেকে কষ্টিপাথরের প্রতিমা চুরি, উধাও রুপার সাপ
ফরিদপুরের ঐতিহ্যবাহী উত্তর কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের ঐতিহ্যবাহী উত্তর কালীবাড়ি মন্দিরে একাধিক তালা ভেঙে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালী প্রতিমা, প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ছাড়া পিতলের কয়েকটি প্রাচীন প্রতিমা ও রুপার তৈরি একটি সাপও চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ভোর পৌনে ৬টার মধ্যে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দির সূত্রে জানা যায়, চুরি যাওয়া কালী প্রতিমার গায়ে আনুমানিক ৭ থেকে ৮ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল। এ ছাড়া পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা প্রতিমা এবং মহাদেবের লিঙ্গে প্যাঁচানো আনুমানিক ৮ থেকে ১০ ভরি ওজনের রুপার একটি সাপও নিয়ে যায় চোরেরা।

মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী জানান, কষ্টিপাথরের কালী প্রতিমাটি একটি শ্বেতপাথরের শিবমূর্তির ওপর স্থাপন করা ছিল। চোরেরা শিবমূর্তিটি রেখে শুধু কালী প্রতিমাটি নিয়ে যায়। পুরো স্থাপনাটির ওজন প্রায় ৪০ কেজি হলেও চুরি হওয়া কালী প্রতিমাটির ওজন প্রায় ২০ কেজি।

মন্দির কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিমাটি যেখানে রাখা ছিল সেখানে প্রবেশের জন্য প্রথমে কলাপসিবল গেটসংবলিত কাঠের দরজার তালা ভাঙা হয়। পরে ভেতরের লোহার শাটারযুক্ত গেটের চারটি তালা ভেঙে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে।

মন্দিরের সেবায়েতের ভাতিজা কৌশিক চক্রবর্তী বলেন, মন্দিরের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো থাকায় চুরির ঘটনার কোনো ভিডিওচিত্র পাওয়া যায়নি।

মন্দির কমিটির সভাপতি ও সেবায়েত কুশল চক্রবর্তী জানান, রোববার সকালে মন্দিরে গিয়ে কালী প্রতিমাটি না দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে কালী প্রতিমার সঙ্গে থাকা মহাদেবের অংশ এবং কষ্টিপাথরের কালী প্রতিমার একটি পায়ের অংশ পাওয়া যায়। তবে চুরি যাওয়া অন্যান্য সামগ্রীর কোনো সন্ধান মেলেনি।

মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার ভোর পৌনে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরীয়ার মোহাম্মদ মিয়াজী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া আলামত সংগ্রহে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি ও সেবায়েত কুশল চক্রবর্তী রোববার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালের পশ্চিম পাশে প্রায় ১৮ শতাংশ জমির ওপর অবস্থিত উত্তর কালীবাড়ি মন্দিরটি একটি শতবর্ষী ধর্মীয় স্থাপনা। মন্দিরটির পাকা ভবন নির্মিত হয় ১৯০৩ সালে। ঐতিহ্যবাহী এ মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। পাশাপাশি চুরি যাওয়া প্রতিমা ও অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।