ময়মনসিংহ মেডিকেলে হামে সাত মাসে ৮১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৮১ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ১৭২ শিশু।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহের ত্রিশাল থেকে আট মাস বয়সি এক শিশুকে বুধবার রাত ১টার পর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্য শিশুদের সঙ্গে তারও যথাযথ চিকিৎসা চলছিল। তবে ভর্তির প্রায় সাড়ে ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটির মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি তার নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের অকার্যকারিতা ছিল।
তিনি আরও জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে মোট ৫ হাজার ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে মোট ৫ হাজার ১৪৪ শিশু। শিশুদের চিকিৎসাসেবা দিতে তিনটি মেডিকেল টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

