logo

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

বগুড়ার শিবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন লক্ষীপুর গ্রামের ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)। ইয়াছিনের বাবার নাম জামিল উদ্দিন এবং সুমনের বাবার নাম মোফাজ্জল হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাহাত মণ্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রাহাতের ভাই রাব্বি মণ্ডলের (২৭) নামও এসেছে। তাদের বাবার নাম মো. রেজাউল মণ্ডল।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।