logo

রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারীকে বিএসটিআইর জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারীকে বিএসটিআইর জরিমানা
নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। ছবি: বিএসটিআই সূত্রে পাওয়া

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে ও নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।