টাঙ্গাইলে তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিককে ইউএনওর হুমকি

তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন ইউএনও ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওই সংবাদকর্মীকে এ হুমকি দেন তিনি। এসময় তিনি বলেন, আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন, এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করছেন? এটা অফেন্সিভ মোড।
এর আগে আজ সকালে তথ্য চেয়ে পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন মাসুম মিয়া। আবেদনে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় এবং কোন কোন খাতে তা ব্যয়, সাব রেজিস্ট্রি অফিস থেকে থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় এবং ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় এবং ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ কত টাকা আয় এবং ব্যয়ের বিষয়টি জানতে চান।
এদিকে আবেদন পাওয়ার পরপরই ক্ষুব্ধ হন ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান। তিনি সাংবাদিক মাসুম মিয়াকে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন। তথ্য চাওয়া ফাজলামি বলে জানান। সাংবাদিক মাসুম মিয়াকে হুমকি দেওয়া ইউএনও মো.মাহমাদুল হাসানের ফোনালাপ এশিয়া পোস্টের হাতে এসেছে।
সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া এশিয়া পোস্টকে বলেন, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সব নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি। এতেই ক্ষুব্ধ হন ইউএনও।
এ বিষয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসানের মোবাইলে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি। পরে মেসেজ দিয়ে জানতে চাইলেও তিনি কোনো উত্তর জানাননি।
