logo

যে মাঠে খেলত শিক্ষার্থীরা, সেখানে এখন মেলার শতাধিক স্টল

যে মাঠে খেলত শিক্ষার্থীরা, সেখানে এখন মেলার শতাধিক স্টল
ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠজুড়ে মেলার শতাধিক স্টল নির্মাণ করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

ভোলায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তাদের অভিযোগ, মেলার জন্য মাঠ দখল করে স্টল নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা। দ্রুত মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তবে আয়োজকদের দাবি, মেলার কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। জেলা প্রশাসন জানিয়েছে, মেলার আয়োজনের অনুমতি এখনও দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নভেম্বরের শুরু থেকেই মেলার প্রস্তুতি চলছে। মাঠজুড়ে শতাধিক স্টল নির্মাণ করা হচ্ছে। টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠ। তৈরি করা হচ্ছে অস্থায়ী শৌচাগারও। এতে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে। সীমিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের হাঁটাচলার সুযোগও।

Advertisement

প্রতিদিন সকাল ও বিকেলে যে মাঠে শত শত শিক্ষার্থী ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিত, সেখানে এখন চলছে স্টল নির্মাণের কাজ। বিদ্যালয়ের আশপাশে রয়েছে শিশু একাডেমি, জেলা শিক্ষা অফিস, সুইমিংপুল, মসজিদ ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের আশঙ্কা, মেলা শুরু হলে উচ্চ শব্দ, মানুষের ভিড় ও যানজটের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হতে পারে।

বিদ্যালয়ের শিক্ষার্থী আলভি বলে, ‘আমাদের স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক খেলোয়াড় সকাল-বিকেলে এই মাঠে ক্রিকেট ও ফুটবল খেলে। কিন্তু মেলার কারণে আমাদের খেলা বন্ধ হয়ে গেছে। মেলা শেষ হওয়ার পর মাঠ নোংরা হয়ে থাকে, তখন সেটি আর খেলার উপযোগী থাকে না। তাই মেলা অন্য কোথাও সরিয়ে নেওয়া হলে আমরা স্বাচ্ছন্দ্যে মাঠে খেলতে পারব।’

আরেক শিক্ষার্থী আরফান বলে, ‘বছরের বড় একটা সময় আমাদের মাঠে মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে বিদ্যালয়ের বিভিন্ন আয়োজনের সময় মাঠের প্রয়োজন হলেও আমরা তা পাই না। তাই আমরা এই মাঠে মেলা চাই না। প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হোক।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সুহান বলে, ‘মাঠে বাণিজ্য মেলার আয়োজন করায় আমরা খেলতে পারছি না। এর আগেও এখানে মেলা হয়েছিল। প্রায় এক বছর আগে আমার ভাই সাদ ওই মাঠে খেলতে গিয়ে পায়ে পেরেক ফুটিয়েছিল। তাই আমরা মাঠে মেলা বন্ধ চাই।’

টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠ। এতে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে। ছবি : এশিয়া পোস্ট
টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠ। এতে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে। ছবি : এশিয়া পোস্ট

মাঠে হাঁটতে আসা আরমান বলেন, ‘সরকারি স্কুলের মাঠটি এখন ভোলার প্রাণকেন্দ্রের অন্যতম একটি মাঠ। এখানে মানুষ খেলাধুলা করে। আবার সকাল, বিকেল ও রাতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ সুস্থ থাকার জন্য হাঁটতে আসেন। এখন এখানে মেলা হলে খেলাধুলার পাশাপাশি হাঁটাচলাও ব্যাহত হবে।’

নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী পলাশ বলেন, ভোলার ব্যবসায়ীদের সারা বছর তেমন বেচাকেনা হয় না। এতে তাদের ব্যাংকঋণের বোঝা দিন দিন বাড়ছে। বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসায়ীদের আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তিনি এ মেলার পক্ষে নন। তবে মেলা আয়োজন করা হলে স্থানীয় ব্যবসায়ীদের স্বল্পমূল্যে স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মী ইউনুস শরীফ বলেন, সরকারের ২০২৪ সালের বাণিজ্য মেলা-সংক্রান্ত পরিপত্রের ‘চ’ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বাণিজ্য মেলা আয়োজন করা যাবে না বলে স্পষ্ট বিধান রয়েছে। এরপরও সরকারি স্কুলের মাঠে মেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে—এটাই ভোলার সচেতন মহলের বড় প্রশ্ন।

ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, মেলার অনুমতি দেওয়ার ক্ষমতা বিদ্যালয় কর্তৃপক্ষের নেই। এ বিষয়ে জেলা প্রশাসক যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন। মেলা হলে বিদ্যালয়ের কোনো সমস্যা হবে কি না, তা জানতে তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। সামনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বইমেলা রয়েছে।

মেলার উদ্যোক্তা মো. মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য মেলার অনুমতির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন নিয়েই মেলা শুরু করা হবে। মেলার কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।

মাহাবুবুরের ভাষ্য, বিদ্যালয় চলাকালে শব্দদূষণ এড়ানোর চেষ্টা করা হবে। মেলায় স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও চাঙা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইডের মাধ্যমে স্বল্পমূল্যে বিনোদনের ব্যবস্থা থাকবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা ক্যাম্পাসে বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, এ ধরনের আয়োজন নিষিদ্ধ। কারণ, এতে পাঠদান, খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, বাণিজ্য মেলার আয়োজনের জন্য এখনও কোনো অনুমতি দেওয়া হয়নি। আবেদনটি বিভিন্ন দপ্তরের মতামতের জন্য পাঠানো হয়েছে। সেসব মতামত পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট