কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, কথা বলার সময় এমনভাবে বক্তব্য দিতে হবে, যাতে কেউ অযথা আঘাতপ্রাপ্ত না হন। একই সঙ্গে বক্তব্যে শালীনতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের জেরে শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।
এ বিষয়ে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, আমি যখন কথা বলব, তখন লক্ষ্য রাখতে হবে যেন আমার কথায় অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হয়। আমি যেমন যেকোনো কথাই বলতে পারি, তেমনি মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়। সংসদে মাঝে-মধ্যে এমন ঘটনা ঘটে।
ঝাড়ু মিছিলের প্রসঙ্গে তিনি বলেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ কেউ সংক্ষুব্ধ হয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা ও সংসদ নেতা উভয়েই ধৈর্য ধারণের কথা বলেছেন। ‘গণতন্ত্রের নামই ধৈর্য। তাই যারা সংক্ষুব্ধ হয়েছেন, তাদেরও ধৈর্য ধরতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
জ্বালানি সংকট প্রসঙ্গে হুইপ বলেন, বর্তমানে দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। অতীতের বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই; বরং বিদ্যমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করাই সরকারের লক্ষ্য। এই সংকটের বিষয়টি জনগণকে জানাতে চাই। সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আশরাফ উদ্দিন নিজান বলেন, সুপরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশ করানো হচ্ছে। ঘরে ঘরে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। জাতিকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে। এ কারণে মাদকের বিরুদ্ধে যুদ্ধই প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার।
বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


